
জাতীয় ডেস্ক ঃ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরো চারজন উপদেষ্টা যুক্ত শপথ নিয়েছেন। তারা হলেন-সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টার পর বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন।
ছাত্র-জনতার বিক্ষোভের ফলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তবে তিনজন উপদেষ্টা বিধান রঞ্জন রায়, ফারুক-ই-আজম ও সুপ্রদীপ চাকমা ওই দিন ঢাকায় না থাকায় তাঁরা পরে শপথ গ্রহণ করেন। নতুন চারজন উপদেষ্টা শপথ নেওয়ায় সদস্য সংখ্যা হলো ২১।

Leave a comment