https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকে‌ল কেনাবেচার টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় রিমন আহমদ (২০) না‌মের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত পোনে ৮টার দি‌কে উপ‌জেলার ফুলবাড়ি ইউনিয়নের দ‌ক্ষিণ মাইজভাগ র‌ফিপুর গ্রামে এ ঘটনা ঘ‌টে। 

নিহত যুবক ওই গ্রা‌মের ইসরাব আলীর ছে‌লে। সে পেশায় সিএন‌জি অ‌টো‌রিকশা চালক।

এঘটনায় জড়িত তাহমিনা বেগম ও হালিমা বেগম নামে ২ নারীকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী সাদিক ও বদরুলের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে টাকা পরিশোধ না করায় সাদিক বদরুলের মোটরসাইকেলটি নিয়ে বাড়িতে আটকে রাখেন। পরবর্তী বদরুল তার মোটরসাইকেলটি ছাড়িয়ে আনতে গেলে তাদের দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া চলাকালীন বদরুলের চাচাতো ভাই নিহত রিমন আহমদ বদরুলের পক্ষ ধরে কথা বললে সাদিকসহ তার পরিবারের লোকজন তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সাদিকসহ কয়েকজনের হামলায় রিমন আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও জানা যায়, নিহত রিমন আহমদের সাথে ৩/৪ বছর আগে সাদিকের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা ছিলো। যে কারণে তারা রিমনের ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 

সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে। 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মীর আব্দুল নাসের ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ নারীকে আটক করা হয়েছে। তাদের আজকেই আদালতে প্রেরণ করা হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a comment

Trending