
জাতীয় ডেস্ক ঃ জরুরি নির্বাচনী সংস্কার শেষ করে অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে জেলা সিপিবি আয়োজিত এক গণসমাবেশে তিনি এ দাবি জানান।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনারা বিপ্লবী সরকারও নন, রেগুলার সরকারও নন, আপনারা হলেন অন্তর্বর্তী সরকার। আপনাদের প্রধান কাজ হচ্ছে, জনগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, সেরকম একটি নির্বাচন দেয়া। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে না পারলে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আমাদের আহ্বান, আপনারা অনতিবিলম্বে নির্বাচনী সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। জনগণ যাকে চায়, নির্বাচনের মাধ্যমে জনগণের সেই প্রতিনিধি যাতে ক্ষমতায় আসতে পারে, সেই ব্যবস্থা করুন।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড উত্তম চৌধুরী, কমরেড ফরিদুল আলম, দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কমরেড কানাই লাল দাশ ও সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী প্রমূখ ।

Leave a comment