
সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ দূর্বৃত্তদের হাতে হামলার স্বীকার হয়েছেন ।
জানা যায় ,গতকাল বৃহস্পতিবার রাতে মিসবাহ উদ্দিন সিরাজ সুবিদ বাজার এলাকা থেকে সিএনজিযোগে ধোপা দিঘীরপাড় এলাকায় যাওয়ার পথে দুবৃর্ত্তদের হামলার শিকার হন। তাকে সাগরদিঘীর পাড় এলাকায় আহত অবস্থায় উদ্ধার করা হয় ।তার পায়ের রগ কেটে ফেলে দুর্বৃত্তরা । পরে তাকে রাগিব রাবেয়া মেডিকেল কলেজের এম্বুলেন্সে করে সোবাহান ঘাটের আল-হারামাইন হাসপাতাল ভর্তি করা হয় ।সেখানে চিকিৎসকরা তার পায়ে অস্ত্রোপচার করেন । পরবর্তীতে তিনি হাসপাতালের ছাড়পত্র নিয়ে চলে যান।
তবে, রাত ৮টার দিকে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা আহমদ মিসবাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি শ্যামল সিলেটকে জানিয়েছেন, তার বাবার অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ দিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রবাসী নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল হাসিব মামুন তার উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a comment