
সিলেট প্রতিনিধি ঃ সিলেট সহ যে সকল শহরে গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালিন সময়ে যে সকল পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনের সময় ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য বিভিন্ন মামলায় আসামী করা হয়েছিল সেই সকল পুলিশ সদস্যদেরকে খুঁজে বের করে গ্রেফতার কার্যক্রম অব্যাহত রেখেছে ।
সিলেটে ছাত্র জনতার আন্দোলনের সময় দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান।
তিনি বলেন, ‘বিকালে তাকে পিবিআই গ্রেপ্তার করে। তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Leave a comment